মোঃ আল-আমিন: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা এলাকায় পচা মাংস বিক্রির দায়ে মো. চান মিয়া নামের এক কসাইকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শ্রীপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিজ মাওনা এলাকায় পচা মাংস বিক্রি করা হচ্ছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার (১৭ আগস্ট) সেখানে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত মাংস বিক্রেতা চান মিয়াকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পচা ও অনুন্নত মানের মাংস বিক্রির অভিযোগে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে।

মোঃ আল-আমিন 



















