শাহরিয়ার মোস্তফা: নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে সভাপতি পদে মো. মাহবুব উর রহমান মাহবুব নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহসভাপতি পদে রাজ কুমার পোদ্দার রাজু এবং সহসভাপতি পদে মো. আকতার হোসেন স্বপন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে শহরের রাবেয়া বালিকা বিদ্যালয় নিকেতন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে মাহবুব উর রহমান মাহবুব ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহেল পারভেজ পেয়েছেন ২৭৬ ভোট। এ পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচিত সভাপতি মাহবুব পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নীলফামারী দোকান মালিক সমিতির সভাপতি। অপরদিকে প্রতিদ্বন্দ্বী সোহেল পারভেজ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি।
সিনিয়র সহসভাপতি পদে ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজ কুমার পোদ্দার রাজু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সালেহ সোহেল রানা পেয়েছেন ২১৪ ভোট।
সহসভাপতি পদে ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আকতার হোসেন স্বপন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরহানুল হক পেয়েছেন ১৩১ ভোট।
সাধারণ গ্রুপের ১২টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন—মো. গোলাম মোস্তফা রঞ্জু, মো. মুক্তার হোসেন, সুশান্ত কুমার, মো. হাসানুজ্জামান, মো. তারিকুল আলম, তাপস কুমার সাহা, মো. মনিরুজ্জামান চৌধুরী, মো. রেজওয়ান আহমেদ, মো. সাকিল আহমেদ, মো. আকিবুর রহমান, মো. মশগুল ইসলাম ও মো. মাহবুবর রহমান মনি। এ গ্রুপে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ ছাড়া সহযোগী সদস্য গ্রুপের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন মো. আবুল কালাম মিঠু, মোহাম্মদ মমতাজ, মোবাশ্বের আলম প্রিন্স, মো. মতিয়ার রহমান ও মো. আজিজুল ইসলাম। এ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করেন আটজন প্রার্থী।
নির্বাচনে মোট ৬৮৪ জন ভোটারের মধ্যে ৫৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১০টি ভোট বাতিল হয়।
নির্বাচন বোর্ডের প্রধান আবু মোহাম্মদ সোয়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, “কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই প্রভাবমুক্ত থেকে নিঃস্বার্থভাবে ও স্বচ্ছতার সঙ্গে এ নির্বাচন সম্পন্ন করা হয়েছে।”

শাহরিয়ার মোস্তফা 



















