সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মির্জাপুরে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও শিক্ষার্থীদের রক্ষা এবং একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) উপজেলার হাটুভাঙ্গায় সূর্য তরুণ যুব সংঘের উদ্যোগে এম আর আইডিয়াল কিন্ডারগার্টেন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাইজুল ইসলাম তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার, আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গণি বোখারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কবির সিকদার, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শামছুল আলম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা শিক্ষার্থীদের প্রতি মাদক থেকে দূরে থাকার পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীরা যেন সন্ধ্যার পর অপ্রয়োজনে বাজারে ঘোরাফেরা না করে, সেদিকে অভিভাবকদের বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়।
সমাবেশে বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমেই একটি মাদকমুক্ত সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল) 



















