নাগরিকভাবনা ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে এডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পদোন্নতি পাওয়ায় নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৩ জুলাই নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন খোন্দকার মিসবাহ উল আজীম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালে নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৮৯ সালে কমিশন লাভ করেন। দীর্ঘ চার দশকের কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও প্রশিক্ষণসংক্রান্ত দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবেও সফলতার সঙ্গে কাজ করেছেন।
পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি ‘নৌবাহিনী পদক’ (এনবিপি) ও ‘নৌ পারদর্শিতা পদক’ (এনপিপি)-সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন। সামরিক বিষয়ের পাশাপাশি তিনি একজন লেখক ও গবেষক হিসেবেও সুপরিচিত।

নাগরিকভাবনা ডেস্ক 

























