মফিজুল ইসলাম, নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবীরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা ব্যানবেইস কর্মকর্তা শাহনুর ইসলাম ও ডিমলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা পূর্বপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে বাল্যবিবাহের আয়োজনের বিষয়টি জানতে পেরে সেখানে উপস্থিত হয়ে তা বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, ওই ছাত্রী (১৪) নাউতারা গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে তার রোল নম্বর ০১। তার বাবার নাম আশাদুল।
অভিযান চলাকালে স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও আইনগত পরিণতি সম্পর্কে পরিবারের সদস্যদের সচেতন করা হয়। পরে মেয়ের বাবা ভবিষ্যতে মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে লিখিত মুচলেকা দেন।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, রাতের আঁধারে বাল্যবিবাহের মতো ঘটনা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

মফিজুল ইসলাম, নীলফামারী 


















