খেলাধুলা ডেস্ক: নিজ ক্লাবের সমর্থকদের দুয়োধ্বনি, বাড়তি প্রত্যাশা আর প্রবল মানসিক চাপ–সব মিলিয়ে এক কঠিন সময় পার করছেন আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। বার্সেলোনায় যাওয়ার স্বপ্নের কথা প্রকাশ্যে বলে এখন নিজ মাঠেই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি তিনি। ক্রীড়া মনস্তত্ত্ববিদদের মতে, আলভারেজ এখন মানসিকভাবে ‘থ্রেট স্টেট’ বা হুমকির অনুভূতির মধ্যে রয়েছেন।
২০২৬ বিশ্বকাপ চলাকালে দেওয়া এক সাক্ষাৎকারে আলভারেজ জানিয়েছিলেন, বার্সেলোনায় যোগ দেওয়া তার স্বপ্ন এবং এটিই সবার জন্য ভালো সিদ্ধান্ত হবে। তবে আতলেতিকো মাদ্রিদ তাকে ছাড়তে রাজি হয়নি। এই ঘটনার পর নতুন মৌসুমের শুরুতে ঘরের মাঠ রিয়াদ এয়ার মেট্রোপলিতানোতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে সমর্থকদের তীব্র দুয়োধ্বনির মুখে পড়েন তিনি।
এই বিরূপ পরিস্থিতি একজন খেলোয়াড়ের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলতে পারে, তা বিশ্লেষণ করেছেন ক্রীড়া মনস্তত্ত্ববিদ মারি কার্টরাইট। বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঘরের মাঠ সাধারণত খেলোয়াড়দের শক্তির উৎস হয়, কিন্তু পরিবেশ নেতিবাচক হলে সেটিই সবচেয়ে বড় মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়।
কার্টরাইটের মতে, সমর্থকদের ইতিবাচক সমর্থন খেলোয়াড়দের শরীরে অ্যাড্রেনালিনের মাত্রা বাড়িয়ে দেয়, যা মাঠে ক্ষিপ্রতা ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আলভারেজের জন্য বিষয়টি উল্টো হয়ে দাঁড়িয়েছে। একে তিনি ‘থ্রেট স্টেট’ বা ‘হুমকির অনুভূতি’ হিসেবে ব্যাখ্যা করেছেন। এ অবস্থায় একজন খেলোয়াড় নিজের সামর্থ্য নিয়ে সন্দিহান হয়ে পড়েন, মনোযোগ হারিয়ে ফেলেন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারান।
এখন বড় চ্যালেঞ্জ হলো, বার্সেলোনা যাওয়ার গুঞ্জন আর সমর্থকদের অসন্তোষ সামলে আলভারেজ কত দ্রুত মাঠে তার চেনা ছন্দে ফিরতে পারেন।

খেলাধুলা ডেস্ক 






















