—শেখ হাসান মামুন
ভিড়ের মাঝে একা মানুষ,
চারদিকে মুখের মেলা,
সত্য যেখানে নীরব থাকে,
মিথ্যা সেখানে খেলা।
মধুর কথার আড়ালেও যে
বিষ লুকিয়ে রয়,
সময় এলে কর্মের কাছে
সব মুখোশের ক্ষয়।
ভণ্ডামিতে ভিড় বাড়ে,
সত্যে সঙ্গী কম;
তবু মিথ্যার সিংহাসনের
চেয়ে সত্যই উত্তম।
দুঃসময়ে যে হাতটি ধরে,
সেই তো আপনজন;
হাজার মুখের ভিড়ের চেয়ে
বিশ্বস্ত একজন।
অন্যায় দেখে নীরব থাকা
বিবেকেরই ক্ষয়,
বিদ্রোহ হোক অন্যায়ের বিরুদ্ধে,
মানুষের বিরুদ্ধে নয়।
আজ যে বীজ বুনছ তুমি,
কাল হবে তার ফল;
সময় নীরব বিচারক,
তার রায় অটল।
ভিড় কমুক, সত্য থাকুক,
বিবেক থাকুক জাগ্রত;
মিথ্যার রাত যতই দীর্ঘ হোক,
সত্যের ভোর অনিবার্য।
মানুষের মাঝে মানুষ খুঁজি,
এই হোক প্রত্যয়;
কতজন ছিল পাশে নয়,
কতটা মানুষ হতে পেরেছ,
সেখানেই জীবনের জয়।

—শেখ হাসান মামুন 





















