
জাকির হোসেন, মনিরামপুর: ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের মণিরামপুরে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির।
রোববার (৩০ আগস্ট) সকালে মণিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মণিরামপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলাম, জেলা সেক্রেটারি আবু জাফরসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, মণিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, যশোর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মনিরুল ইসলাম এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি এইচ এম শামীম।
বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দেশপ্রেমের আদর্শে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জি এম ফাহিম শাহরিয়ার। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সংগীতশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান। এ সময় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

জাকির হোসেন, মনিরামপুর 
























