নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রকাশিত ফলাফলে ব্যাপক অনিয়মের কথা জানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানাচ্ছে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কারণে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ারও অভিযোগ রয়েছে তাদের।
উপজেলা প্রশাসনের ওয়েবসাইটে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর ৪৫ দিনব্যাপী কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং মৌখিক পরীক্ষা গ্রহণের পর ফলাফল প্রকাশ করা হয়।
গত শুক্রবার (৭আগস্ট) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পরই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপত্তি ওঠে। অভিযোগকারীদের দাবি, উপজেলার বিভিন্ন ইউনিটে কৃতকার্য ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বা একই পরিবারের দুইজন রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিক্ষার্থী জানান, একই পরিবারের দুইজন করে নিয়েছে। অথচ আমরা অনেকেই শুমারি কার্যক্রমে পূর্ব অভিজ্ঞতা থাকা স্বত্বেও বাদ পরতে হয়েছ। বিষয়টি আমাদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে।
পরিক্ষায় অংশগ্রহণ করা এক শিক্ষার্থীর অভিভাবক নজরুল ইসলাম আক্ষেপ করে বলেন, আমার মেয়ের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। বিগত দিনের শুমারী কার্যক্রমের সার্টিফিকেটও দিয়েছে। কিন্তু এইবার ফ্যামিলি কার্ড শুমারিতে আমার মেয়েকে বাদ দিয়েছে, খুবই আশ্চর্য হলাম।
এদিকে লোহাজুরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন স্থানীয় সাংসদের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, কটিয়াদী উপজেলা ফ্যামিলি কার্ডের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রাহকারী নামের নির্বাচিত তালিকা দেখে হতাশ এবং ঘৃনা জানাচ্ছি। লোহাজুরি ইউনিয়নের ১,২,৩,৪ ও ৭নং ওয়ার্ড ভোটার সংখ্যা প্রায় ১০ হাজার। এই ওয়ার্ড গুলো থেকে কোন তথ্য সংগ্রহকারী নেওয়া হয়নি।
কটিয়াদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের বলেন, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে ১৪০০ টির বেশি আবেদন জমা পড়ে। পরীক্ষা গ্রহণ সম্পন্ন হওয়ার পর ৭ আগস্ট শুক্রবারে ১৫৪ জন কৃতকার্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীর তালিকা প্রকাশ করা হয়েছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভেরিফাই ফেইসবুক পোস্টে বলেন, ফ্যামিলি কার্ড শুমারী-২০২৬ এর ফলাফল ইউনিয়নভিত্তিক,ওয়ার্ডভিত্তিক নয়।সেক্ষেত্রে একই ওয়ার্ডের একাধিক যোগ্য ব্যক্তি থাকতে পারে। অপেক্ষমান তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















