কুবি শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রীর ৫ দিনের রিমান্ড

- সর্বশেষ পরিমার্জন: ০২:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২৯ বার পঠিত

ঢাকার সাভারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আবদুল কাইয়ুম (২৫) হত্যা মামলায় সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
তদন্তকারী পুলিশ কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত নেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেওয়া পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভার বাসস্ট্যান্ডে কাইয়ুমের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় তদন্তের জন্য রিমান্ড প্রয়োজন ছিল। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয়।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে ডিবি পুলিশ ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করে। এদিন আদালত সাভার থানার আরও ৬টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।
মামলার তথ্যমতে, ২০২৩ সালের ৫ আগস্ট দুপুরে সাভারে ছাত্র আন্দোলনের সময় কাইয়ুম গুলিবিদ্ধ হয়ে নিহত হলে তাঁর মা কুলছুম বেগম সাভার মডেল থানায় হত্যার মামলা দায়ের করেন। তদন্তের ধারাবাহিকতায় এনামুর রহমানকে অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়।


















