কুষ্টিয়ায় বালুরঘাট দখলে হামলা, অস্ত্রের মুখে লুটপাট ও গুলি

- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৬ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে বালুঘাট থেকে প্রায় এক লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপীতলা গড়াই নদীর ঘাটে এ ঘটনা ঘটে। ডাকাত দল পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত পালিয়ে যায়।
জিলাপীতলা বালুঘাটের ব্যবস্থাপক এনামুল হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে তিনটি মোটরসাইকেলে করে ৯ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বালুরঘাটে আসে। তাদের মাথায় হেলমেট এবং হাতে শর্টগান ছিল। তারা অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ ড্রয়ার থেকে প্রায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা লুট করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, “আমরা প্রায় দুই কোটি টাকা ব্যয়ে পাউবো থেকে বালুরঘাট ইজারা নিয়েছি। ধারণা করছি, বালুরঘাটের দখল নিতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।”
স্থানীয়রা জানান, ডাকাত দলের গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ডাকাতরা যাওয়ার সময় পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, যা পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করে।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, “আমরা স্থানীয়দের মাধ্যমে জিলাপীতলা বালুঘাটে গুলির ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বালুঘাটের ব্যবস্থাপক এনামুল হোসেন।


















