
অপু দাস, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কবুতরপাড়া এলাকা থেকে ১ কেজি ১৭৩ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি খাস জমির ওপর পরিত্যক্ত অবস্থায় থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসআরবি-৫ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারী এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও অপরাধবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
এসআরবি-৫, সিপিএসসি কোম্পানি, রাজশাহীর অভিযানিক দল ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানাধীন কবুতরপাড়া গ্রামে মাটির রাস্তার পূর্ব পাশে সরকারি খাস জমির ওপর একটি প্লাস্টিকের তৈরি বাজারের ব্যাগে অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
তথ্য পাওয়ার পর সিপিএসসি কোম্পানির অভিযানিক দল দ্রুত ওই এলাকায় পৌঁছে অভিযান পরিচালনা করে। রাতের অন্ধকারে টর্চ ও সার্চ লাইটের আলো ব্যবহার করে অভিযানিক সদস্যরা সন্দেহজনক স্থানটি তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে লাল রঙের দুটি শপিং ব্যাগ দেখতে পান তারা।
পরে শপিং ব্যাগ দুটি বের করে আলাদাভাবে তল্লাশি করা হয়। একটি লাল রঙের শপিং ব্যাগের ভেতর সাদা-ধূসর রঙের হেরোইনসদৃশ পাউডার পাওয়া যায়। ওজন করার পর ওই পাউডারের পরিমাণ ৫২৮ গ্রাম বলে জানা যায়।
অন্য লাল রঙের শপিং ব্যাগের ভেতর পাওয়া যায় ছোট আকারের ছয়টি সাদা পলিপ্যাক। প্রতিটি পলিপ্যাকের ওজন ছিল ১০৭ দশমিক ৫ গ্রাম। ছয়টি প্যাকেটের মোট ওজন হয় ৬৪৫ গ্রাম।
এভাবে প্রথম শপিং ব্যাগ থেকে উদ্ধার হওয়া ৫২৮ গ্রাম এবং দ্বিতীয় শপিং ব্যাগে থাকা ছয়টি পলিপ্যাকের ৬৪৫ গ্রাম মাদকদ্রব্যসহ সর্বমোট ১ হাজার ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার পরিমাণ ১ কেজি ১৭৩ গ্রাম।
অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্যগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে উদ্ধারকৃত হেরোইন জব্দ করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৫ সূত্রে আরও জানা যায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধীসহ বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অপু দাস, রাজশাহী 


















