চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের পূর্ব করটখিল বড় বরম বাড়ির মৃত শফি উল্লাহর ছেলে প্রবাসী সোহেল রানা (৩৬) কে যৌতুক ও নারী নির্যাতন মামলায় গ্রেফতার করে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন আদালতে যৌতুক ও নারী নির্যাতন মামলা দায়ের করা হয়। ওই মামলার ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে প্রতারণা করে বিয়ে করার কারণে তাকে একাধিকবার জেলে যেতে হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোহেল রানা প্রতারণার মাধ্যমে স্ত্রী ও দুই সন্তানের কথা গোপন রেখে প্রবাসে থাকা অবস্থায় পার্শ্ববর্তী কুমিল্লা জেলার শাহনাজ (৩০) নামের এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে সে প্রবাস থেকে দেশে এসে ১০ লাখ টাকা দেনমোহরে শাহনাজকে বিয়ে করে কুমিল্লাতে বাসা ভাড়া করে ঘর সংসার করতে থাকে।
এর কয়েকদিন পর সোহেল রানা স্ত্রী শাহনাজকে নিয়ে তার গ্রামের বাড়িতে আসে। এখানে এসে শাহনাজ জানতে পারে সোহেল রানার এক স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। এতকিছু জানার পরেও শাহনাজ সোহেল রানার সাথে ঘর-সংসার করতে ইচ্ছা পোষণ করে। কিন্তু সোহেল রানার পূর্বের স্ত্রী ও তার স্ত্রীর আত্মীয়-স্বজনরা শাহনাজের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। একপর্যায়ে মারধর করে তারা শাহনাজকে বাড়ি থেকে বের করে দেয়।
শাহনাজ এ বিষয়ে কুমিল্লা জেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে সোহেল রানাকে পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে সোহেল রানার ভগ্নিপতি ভাই এবং আত্মীয়স্বজন মিলে শাহনাজকে তার স্ত্রীর মর্যাদা দিয়ে ঘর-সংসার করার আশ্বাস দিয়ে কোর্টে মুচলেকা দিয়ে সোহেল রানার জামিনের ব্যবস্থা করে। কিন্তু এত কিছুর পরেও তারা কথা দিয়ে কথা রাখেনি।
পরবর্তীতে সোহেল রানা, ঢাকার মোহাম্মদপুরে বাসা ভাড়া নিয়ে সেখানে শাহনাজকে ডেকে নিয়ে যায়। সেখানে সোহেল রানার ভাই, বোন ভগ্নিপতি এবং অন্যান্য আত্মীয়-স্বজনরা মিলে তার কাছ থেকে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। শাহনাজ টাকা দিতে অস্বীকার করলে শাহনাজ কে প্রচন্ড মারধর করে বাসা থেকে বের করে দেয়। এ ব্যাপারে শাহনাজ গত অক্টোবর মাসের ১০ তারিখে ঢাকার মোহাম্মদপুরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার ওয়ারেন্টের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে চাটখিল থানা পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার করে।
এই বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফের সাথে কথা বললে তিনি জানান, গ্রেফতারকৃত সোহেল রানাকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেছে বলে আদালত সূত্রে জানা গেছে।
মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।
চাটখিলে যৌতুক লোভী প্রতারক সোহেল রানা জেল হাজতে
-
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি - সর্বশেষ পরিমার্জন: ০৫:০১:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- ১৭ বার পঠিত
আরো পড়ুন :
জনপ্রিয়





















