
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও কাছে রাখার অপরাধে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত ২:৩০ ঘটিকায় চিরিরবন্দর থানাধীন ০৯ নং ভিয়াইল ইউনিয়নের দল্লা মিশনপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযান
পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দল্লা মিশনপাড়া গ্রামের ফিরোজের বসতবাড়িতে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ১ গ্রাম গাঁজা, ১টি গাঁজা খাওয়ার কলকী, ১টি স্টিলের চামচ ও ১টি গ্যাস লাইটসহ দুইজনকে আটক করা হয়।
পরে ঘটনার বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাবা ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালতের বিচারক মাদক সেবন ও দখলের অপরাধে আসামিদের প্রত্যেককে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— দল্লামিশনপাড়া গ্রামের মোঃ লিয়াকত হোসেনের ছেলে মোঃ ফিরোজ (৪০) এবং পূর্ব দল্লা মিশনপাড়া গ্রামের মোঃ আবুল খায়েরের ছেলে মোঃ হুমায়েন আহমেদ (৩০)।
বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুন নবী জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 


















