ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ৫ জুলাই

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ৬ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক: ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১১ মে) সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।
তবে আসামিপক্ষের আইনজীবী ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া, মো. বোরহান উদ্দিনসহ অন্যরা শুনানির তারিখ পেছানোর আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৫ জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। পরে এ মামলার অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক।
২০২৫ সালের ১৪ জানুয়ারি গোয়েন্দা (ডিবি) পুলিশ মতিউরকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
২০২৪ সালে কোরবানির ঈদ উপলক্ষে ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।





















