সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার দেবিদ্বারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল, সভা-সমাবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ জোগান দেওয়ার অভিযোগে উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী হাজী মো. সেলিম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শনিবার (২১ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হাজী মো. সেলিম সরকার (৫৫) দেবিদ্বার পৌরসভার উত্তরপাড়া সরকার বাড়ির মৃত আব্দুল মতিন সরকার (মতিন মেম্বার)-এর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য এবং সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৩১ অক্টোবর বেলা সোয়া ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভাণী ইউনিয়নের আতাপুর বাজার এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে মহাসড়কে মিছিল করেন। ওই ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় সেলিম সরকার অন্যতম অভিযুক্ত।
পুলিশের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন মিছিল, সভা-সমাবেশ এবং নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ জোগান দেওয়ার অভিযোগ রয়েছে সেলিম সরকারের বিরুদ্ধে। ভিডিও ফুটেজ পর্যালোচনা ও তদন্তে এসব কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সরকারবিরোধী বিভিন্ন মিছিল এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সেলিম সরকারের সম্পৃক্ততার প্রমাণ ভিডিও ফুটেজ ও তদন্তে পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সিনিয়র স্টাফ রিপোর্টার 



















