নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই বুধবার দুপুরে নড়াইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। ব্যানার ও বিভিন্ন দাবিসংবলিত প্লেকার্ড হাতে নিয়ে বক্তারা অভিযুক্ত রবিউল সিকদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, রামচন্দ্রপুর পাচুড়িয়াপাড়া গ্রামের মফিজুর রহমানের পাঁচ বছরের শিশু জান্নাতুলকে খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ঘরে আটকে রেখে পাশবিক অত্যাচার ও হত্যা করা হয়। এমন জঘন্য ও নারকীয় হত্যাকাণ্ড কোনোভাবেই সহ্য করার মতো নয়। অপরাধীকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করলেও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা যেন না ঘটে, সেদিকে কঠোর নজর দেওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করতে হবে। অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা না হলে নড়াইলে আরও তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















