পিরোজপুর প্রতিনিধি ঃ
দিপঙ্কর মাতা, পিরোজপুর সদর উপজেলা প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের টোনা ও আশপাশের এলাকার মানুষের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ পথের একটি সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ৪১ নম্বর চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চুঙ্গাপাশা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রসংলগ্ন সেতুটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই ইউনিয়নের বাসিন্দারা। বিশেষ করে স্কুলগামী শিশু, রোগী, কৃষক ও সাধারণ পথচারীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের নৌকায় করে পারাপার হতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটির বেহাল অবস্থার কারণে এলাকার উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারজাত করতে পারছেন না কৃষকেরা। অসুস্থ রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া এবং জরুরি প্রয়োজনে যাতায়াতেও সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা। ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করতে গিয়ে একাধিক ব্যক্তি দুর্ঘটনার শিকার হয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। পশ্চিম চুঙ্গাপাশা এলাকার বাসিন্দা নাসরিন বেগম জানান, সন্তানকে স্কুলে নেওয়ার জন্য তাঁকে অনেক সময় নৌকার সাহায্য নিতে হয়েছে। সেতুর দুরবস্থার কারণে এলাকার শিশুদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। তাঁর দেওয়া তথ্যমতে, তার এলাকার প্রায় ৮০ জন শিক্ষার্থী বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির কয়েকটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। চলাচলের অনুপযোগী হয়ে পড়া অংশে দুর্ঘটনার আশঙ্কা থাকায় স্থানীয় কয়েকজন বাসিন্দা স্বেচ্ছাশ্রমে মেরামতের উদ্যোগ নিয়েছেন। এ সময় তাঁরা সেতুটির দুরবস্থা এবং দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, সেতুটি শুধু একটি এলাকার যোগাযোগের মাধ্যম নয়; টোনা ও দুর্গাপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া, রোগীদের স্বাস্থ্যসেবা গ্রহণ এবং কৃষিপণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে।
৪১ নম্বর চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম দাস জানান, টোনা ও দুর্গাপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের চলাচলের জন্য সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বেহাল অবস্থার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে বিশেষ করে নানা সমস্যা হচ্ছে। দ্রুত সেতুটি নির্মাণ বা সংস্কার করা প্রয়োজন। এলাকার এক প্রবীণ বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে সেতু দিয়ে চলাচল করতে গিয়ে অনেকেই পড়ে আহত হয়েছেন। বিশেষ করে বয়স্ক মানুষ ও শিশুদের চলাচলে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা আরও জানান, বিষয়টি সংরক্ষিত আসনের সংসদ সদস্য এলিজা জামানের নজরে এনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। এলাকাবাসীর দাবি, জনসাধারণের দুর্ভোগ লাঘব, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত, রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে টোনা ও দুর্গাপুর ইউনিয়নের সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ এই সেতুটি দ্রুত পুনর্নির্মাণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের মাধ্যমে একটি স্থায়ী সমাধান চান তাঁরা।

প্রতিবেদক 
























