
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের পূর্ব করটখিল বর্ধন বাড়ির প্রবাসী মিলন হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদাউস (২৫) ও তার শাশুড়ি কোহিনুর আক্তার (৪৫) কে মারধরের ঘটনার তিন দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো থানায় মামলা রেকর্ড করেনি| উল্টো মামলা রেকর্ড করতে বাদীর নিকট ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদাউস ও তার শশুর মোঃ জাহাঙ্গীর আলম| গত শনিবার বিকেলে চাটখিল প্রেসক্লাবে এসে তারা উপস্থিত সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন|
অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির মোঃ সোহেল (৩৫) ও মোঃ আকবর (৫০) এর সাথে প্রবাসী মিলন হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদাউসের সাথে কথা কাটাকাটি হয়|
এক পর্যায়ে তারা সহ ৮ জন মিলে জান্নাতুল ফেরদাউসের উপর হামলা করে| তাকে রক্ষা করার জন্য জান্নাতুল ফেরদাউসের মা কহিনুর বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়| এ সময় জান্নাতের শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে| এ ঘটনায় একই দিন বিকেলে জান্নাত ৮ জনকে আসামি করে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন|
অভিযোগের ৩ দিন অতিবাহিত হয়ে গেলেও এ বিষয়ে পুলিশ কোন মামলা রেকর্ড করেনি| বিষয়টি নিয়ে জান্নাতুল ফেরদাউস ও তার বাবা মোঃ জাহাঙ্গীর আলম অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এস আই অলিউল্লার সাথে কথা বললে তিনি তাদের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন| টাকা দিতে না পারলে তিনি তাদেরকে কোর্টে মামলা করার পরামর্শ দেন|
অপরদিকে এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে প্রতিপক্ষের লোকজন আবারও তাদের উপর হামলার ঘটনা ঘটায়| এ বিষয়ে জান্নাতুল ফেরদাউস এর ভাই রাকিব হোসেন চাটখিল থানায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আসলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে কোর্টে অভিযোগ করার পরামর্শ দেন|
এই বিষয়ে জানতে চাটখিল থানার এস আই অলিউল্লাহ কে ফোন দিলে তিনি ফোন কেটে দেন|
এই ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফের সাথে কথা বললে তিনি জানান, এস আই অলিউল্লার সাথে কথা না বলে তিনি কোন মন্তব্য করতে রাজি নয়|

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 



















