
এম.জে.এ মামুন:
কুমিল্লার দেবিদ্বারে ফতেহাবাদ নায়েব আলী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের পদচারণা, ফুলেল শুভেচ্ছা ও আনন্দ-উচ্ছ্বাসে এদিন মুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. মেহরাজুল ইসলাম।
কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মো. আরমান হোসেন রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাসুদুর রহমান খোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রধান উপদেষ্টা ও গ্রামীণ ব্যাংকের সাবেক ডেপুটি জোনাল ম্যানেজার আলী হায়দার মো. হেলাল মুন্সী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তাজুল ইসলাম। আরও বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের ডিসি প্রতিনিধি মো. আনোয়ার হোসেন তুহিন, ডিসি প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. আশিকুর রহমান এবং দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোসা. রোমানা আক্তার।
নবীনবরণ উপলক্ষে কলেজের বিভিন্ন বিভাগ ও ক্যাম্পাস রঙিন সাজে সাজানো হয়। সকাল থেকেই নতুন শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচঞ্চল হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। নতুন সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে পরিচিত হওয়া এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার মধ্য দিয়ে নবাগতদের মধ্যে তৈরি হয় উৎসবের আমেজ। পরে বিভিন্ন বিভাগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের সঙ্গে পরিচিতি ও ওরিয়েন্টেশন পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের উপস্থিতিতে আজ এই শিক্ষাপ্রতিষ্ঠান উৎসবমুখর হয়ে উঠেছে। এখন থেকে তোমরা এই পরিবারেরই সদস্য। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সুন্দর শিক্ষাজীবন আমাদের প্রত্যাশা। তোমরা নিজেদের যোগ্যতা ও মেধার বিকাশ ঘটিয়ে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে।’
বক্তারা আরও বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করতে হবে। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের নির্দেশনা মেনে চলার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনে কলেজজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীদের আন্তরিকতায় নতুন শিক্ষার্থীদের মধ্যেও নতুন শিক্ষাজীবন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নাগরিক ডেস্ক রিপোর্ট 





















