
নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় একটি মসজিদ থেকে মাওলানা শামিম মিয়া (২৮) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় সোহান মিয়া (২১) নামে তাঁর এক বন্ধুকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ধরণ দেখে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরঝাকালিয়া এলাকায় এ মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিহত মাওলানা শামিম মিয়া উত্তর চরঝাকালিয়া ইছাম উদ্দিন বাড়ির মসজিদের ইমাম ও একই গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে। অন্যদিকে আহত সোহান মিয়া একই এলাকার মৃত সৈয়দুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শামিম ও আহত সোহান প্রতিদিন একসাথে মসজিদ কক্ষে থাকতো। সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মসজিদে হৈচৈ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। সেখানে তারা সোহান মিয়াকে গলাকাটা ও গুরুতর রক্তাক্ত উলঙ্গ অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, রক্তাক্ত সোহানকে কে আঘাত করেছে জানতে চাইলে তিনি ইমাম শামিম মিয়ার কথা বলেন। তবে ঘটনাটি তখন অস্বীকার করেন শামিম। উপস্থিত স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে সকালে সামাজিকভাবে বৈঠকের সিদ্ধান্ত নেন এবং মসজিদ তালাবদ্ধ করে শামিমকে নিজ বাড়িতে চলে যেতে বলেন।
পরবর্তীতে ফজরের নামাজের আগে মসজিদসংলগ্ন নিজের কক্ষে ইমাম শামিম মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে কটিয়াদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়ার পাশাপাশি তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিষয়ে জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম রফিক বলেন, আমি শুনতে পেয়ে ঘটনাস্থলে যায়। জানতে পারি তারা দুইজন এক সাথে রাতে একই বিছানায় থাকতো । তবে ঘটনা কিভাবে ঘটেছে তা সঠিক তদন্ত করা হউক।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কটিয়াদী সার্কেল) মোঃ আসাদুজ্জামান বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বন্ধুকে ছুরি আঘাতের ভয়ে সে আত্মহত্যা করেছে। তবে আহত সোহান সুস্থ হয়ে ফিরে আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ) 











