অপু দাস , রাজশাহী :
রাজশাহীর মোহনপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জঙ্গিবাদ, সন্ত্রাস, অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ, ভেজাল পণ্য, ছিনতাই, অপহরণ, ধর্ষণ ও মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে বাহিনীটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর উপজেলার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. মুকুল ওরফে কালু (৪০) নামে এক ব্যক্তিকে ৩১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের বাসিন্দা। তবে অভিযানের সময় ট্রাকচালক মো. রাজু মিয়া (২০) নামে অপর এক অভিযুক্ত কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি ও তার পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় বিভিন্ন উৎস থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনার তথ্যও পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মুকুল জব্দ হওয়া গাঁজা নিজের হেফাজতে রাখা এবং বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। এছাড়া মাদক সংগ্রহ ও সরবরাহের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও দাবি করা হয়েছে।
অভিযান শেষে উদ্ধার করা ৩১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার মুকুল ও পলাতক রাজু মিয়ার বিরুদ্ধে রাজশাহীর মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাব-৫ জানিয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















