ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নিরাপদ কর্মস্থলের দাবিতে
রাবি অফিসার সমিতির মানববন্ধন

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ৩৬ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।
বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল পরিকল্পিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের শান্তিপূর্ণ শিক্ষা ও প্রশাসনিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা অভিযোগ করেন, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর উদ্দেশ্যমূলক হামলা ও হয়রানির ঘটনা ঘটছে।
বক্তারা জানান, অফিস চলাকালীন সময়ের পাশাপাশি অফিস শেষে বাড়ি ফেরার পথেও কর্মকর্তাদের ভয়ভীতি দেখানো, মানসিক চাপ প্রয়োগ এবং শারীরিকভাবে আঘাত করার মতো ঘটনাও ঘটছে। এসব ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, যা স্বাভাবিক কর্মপ্রবাহে নেতিবাচক প্রভাব ফেলছে।
মানববন্ধনে আরও বলা হয়, সংঘবদ্ধভাবে মব তৈরি করে কর্মকর্তাদের হুমকি দেওয়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার মাধ্যমে কর্মস্থলকে অনিরাপদ করে তোলা হচ্ছে। এর ফলে শুধু কর্মকর্তা-কর্মচারীরাই নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা, শিক্ষা কার্যক্রম এবং প্রতিষ্ঠানের সামগ্রিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা অভিযোগ করে বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রশাসনের এই নীরবতা ও নিষ্ক্রিয়তার কারণে অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে বলে তারা মন্তব্য করেন। এ বিষয়ে অফিসার সমিতি প্রশাসনের ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বর্তমান পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। মানববন্ধন কর্মসূচি ছিল সেই সিদ্ধান্তেরই অংশ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ আল-আমিন বিদ্যুৎ, প্রচার সম্পাদক আব্দুল মানিক, সদস্য রোকসানা বেগম টুকটুকিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা।


















