
হারুন অর রশিদ,সোনাতলা(বগুড়া): বগুড়ার সোনাতলায় অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. সোহাগ (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে একটি সার ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার কুমিরখাকী বিল এলাকায় অনুমোদন ছাড়াই বালু উত্তোলনের সময় মো. সোহাগকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কানুপুর গ্রামের মোজাহার আলীর ছেলে মো. সোহাগ কুমিরখাকী বিল থেকে অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় অভিযোগ গঠন করা হয়।
অভিযোগটি পড়ে শোনানোর পর সোহাগ স্বেচ্ছায় অপরাধ স্বীকার করেন। পরে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭(২) ধারার বিধান অনুযায়ী উপস্থিত সাক্ষীদের সামনে তার স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হয়। এরপর তাকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা নগদ অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে, একই দিনে উপজেলার বালুয়াহাট এলাকায় মেসার্স সাজু ট্রেডার্স নামের একটি সার ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। কৃষকদের কাছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।
সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনসহ মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন, মাদকসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

হারুন অর রশিদ,সোনাতলা(বগুড়া) 



















