উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে টানা ৪০ বছর মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শেষে মো. শুক্কুর আলী (৭১)-কে ব্যতিক্রমী আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছেন মসজিদের মুসল্লি ও এলাকাবাসী। ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গণে তার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
জানা গেছে, মো. শুক্কুর আলী দীর্ঘ চার দশক ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়ার পাশাপাশি ইমামের অনুপস্থিতিতে নামাজও পড়াতেন তিনি। বয়সের ভারে এবার স্বেচ্ছায় দায়িত্ব থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
বিদায় অনুষ্ঠানে মসজিদের মুসল্লি, কমিটির সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে শুক্কুর আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং নগদ অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে তাকে ঘোড়ার গাড়িতে বসিয়ে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী তার সঙ্গে ছিলেন।
মুয়াজ্জিন শুক্কুর আলীর বাড়ি উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেওয়ার পাড় এলাকায়।
মসজিদের মুসল্লি রিপন মিয়া বলেন, “শুক্কুর আলী খুবই সাদাসিধে ও ভালো মানুষ। তিনি দীর্ঘ ৪০ বছর নিষ্ঠার সঙ্গে মসজিদের দায়িত্ব পালন করেছেন। ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়ার পাশাপাশি ইমামের অনুপস্থিতিতে নামাজও পড়াতেন।”
স্থানীয়রা জানান, সাধারণত দীর্ঘদিনের দায়িত্ব শেষে কাউকে বিদায় জানানোর ক্ষেত্রে প্রচলিত যানবাহন ব্যবহার করা হয়। তবে ৪০ বছর ধরে মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকা মুয়াজ্জিন শুক্কুর আলীকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানোর আয়োজনটি ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী। এতে তার প্রতি মুসল্লি ও এলাকাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটেছে।
গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদ কমিটির সভাপতি শামীম আখতার আমীন বলেন, “বার্ধক্য চলে আসায় শুক্কুর আলী স্বেচ্ছায় অবসর নিতে চেয়েছেন। তাই তার দীর্ঘদিনের দায়িত্ব ও অবদানের প্রতি সম্মান জানিয়ে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো হয়েছে। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। বিদায় অনুষ্ঠানে তাকে নগদ অর্থসহ বিভিন্ন উপহার দেওয়া হয়েছে।”
দীর্ঘদিনের দায়িত্ব শেষে এমন ব্যতিক্রমী বিদায় পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শুক্কুর আলী। এ সময় মুসল্লি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 


















