দীর্ঘ ১৭ বছর পর পিরোজপুর চেম্বার অব কমার্সের নির্বাচন

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১৮২ বার পঠিত

পিরোজপুর অফিস:: দীর্ঘ ১৭ বছর পর দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬–২০২৭ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। চেম্বার সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ২১টি পরিচালক পদের বিপরীতে প্রাথমিকভাবে ৩৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও ৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় চূড়ান্তভাবে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৮৭ জন। নির্বাচিত ২১ জন পরিচালকের মধ্য থেকে আগামী ২৩ ডিসেম্বর সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হবে। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী মহলে নতুন নেতৃত্ব নিয়ে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব রফিকুল ইসলাম পান্না জানান, ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।






















