জিলবুনিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর আর নেই

- সর্বশেষ পরিমার্জন: ০৯:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ৩১৩ বার পঠিত

হাসান মামুন, দক্ষিণাঞ্চল প্রতিবেদক :: দক্ষিণবঙ্গের অন্যতম প্রখ্যাত আলেমে দ্বীন ও দ্বীনি মুরব্বি, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে পবিত্র মক্কা শরীফে ওমরাহ পালনরত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের খবরে পরিবার-পরিজন, ভক্ত-মুরিদান, শুভানুধ্যায়ী ও সমগ্র দ্বীনি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুম পীর সাহেব হুজুর ছিলেন দক্ষিণাঞ্চলের একজন সুপরিচিত আলেম ও দ্বীনি ব্যক্তিত্ব। তিনি হাবিবুল্লাহ আবাদ দরবার শরীফ, হাবিবুল্লাহ আবাদ ইসলামিয়া সিদ্দিকিয়া এন এস কামিল মাদ্রাসা, মসজিদ, খানকাহ, এতিমখানা ও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে আজীবন দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করে গেছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, পরহেজগার ও সমাজসংস্কারক। তাঁর দাওয়াতি কার্যক্রম ও নৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে অসংখ্য মানুষ ইসলামের পথে ফিরে আসে বলে স্থানীয়রা জানিয়েছেন। মরহুম পীর সাহেব হুজুর ৬ পুত্র, ৩ কন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ভক্ত-মুরিদান ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে নিজ এলাকা জিলবুনিয়াসহ পিরোজপুর ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। মরহুমের রূহের মাগফিরাত কামনায় ভক্ত-মুরিদান ও মুসল্লিরা বিশেষ দোয়া ও মোনাজাত করেন। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচা বানিয়ে দিন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও ভক্ত-মুরিদানকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন, আমিন।





















