২৪ এর গণহত্যাকারীরা পালিয়েছে, একাত্তরের গণহত্যাকারীরা ধর্মের কুটকৌশলে রয়ে গেছে – সাঈদ খান

- সর্বশেষ পরিমার্জন: ১২:৪১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭৯ বার পঠিত

পিরোজপুর অফিস:: ২৪ এর অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে একটি শূন্যতা তৈরি হয়েছে। একটি পক্ষ ফ্যাসিজম কায়েম করে গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করেছে, মানুষের অধিকার ও ন্যায়নীতি বিসর্জন দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিকে নরকে পরিণত করেছে। এই গণহত্যাকারী ও ধর্ষকদের এ দেশ ছেড়ে যেতে হবে। এমন মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক, সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শংকরপাশা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের উদ্যোগে কবির ব্রিকস ইন্ডাস্ট্রি মাঠ প্রাঙ্গণে ধানের শীষের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির ড. শফিকুর রহমানকে উদ্দেশ করে সাঈদ খান বলেন, তিনি ধর্ম বিক্রি করেন, আর আমরা ধর্ম লালন করি। তিনি ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চান, আমরা ধর্ম চর্চা করে আত্মশুদ্ধি ও পরিশুদ্ধ হতে চাই। আমরা ধর্মকে ব্যবহার করি না, আমরা ধর্মকে লালন করি। মা-বোনদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদেরও নেতৃত্ব দেওয়ার অধিকার রয়েছে। এ প্রসঙ্গে তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে বলেন, সেখানে রানী বিলকিসের প্রজ্ঞা ও নেতৃত্বের প্রশংসা করা হয়েছে। কোনো নারী যদি মেধা ও প্রজ্ঞার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে তাকে মেনে নেওয়ার নির্দেশ কোরআনে স্পষ্টভাবে রয়েছে। এটি কোনো অপব্যাখ্যা নয়। একটি শ্রেণি নারী নেতৃত্বকে হারাম বলে ব্যাখ্যা দেয়, অথচ বাস্তবতা হলো ইমাম শব্দটি একটি নির্দিষ্ট ধর্মীয় নেতৃত্ব বোঝায়, যেখানে মসজিদে পুরুষদের নামাজে নারী ইমামতি করতে পারবেন না। এর বাইরে সামাজিক ও রাষ্ট্রীয় নেতৃত্বে নারীর অংশগ্রহণে কোনো বাধা নেই। সবশেষে তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি পিরোজপুরের সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং অধ্যক্ষ আলমগীর হোসেনের সহধর্মিণী রীনি আলমগীর। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















