কৃষির আয় বাড়াতে হবে,কৃষির বিকল্প নেই: মোবাশ্বের আলম ভূঁইয়া

- সর্বশেষ পরিমার্জন: ০১:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৭৭ বার পঠিত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা–১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, আগে এক ফসল উৎপাদন হতো, এখন তিন-চার ফসল উৎপাদন হলেও অভাব কাটছে না। তাই কৃষির ওপর আরও গুরুত্ব দিতে হবে। কৃষির কোনো বিকল্প নেই।
কৃষক কৃষাণীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজেরা ধান উৎপাদন করে নিজেরাই খাবেন। আজ যে বীজ দেওয়া হচ্ছে, তা সংরক্ষণ করে ভবিষ্যতে আরও জমিতে চাষাবাদ করবেন।
শনিবার (০৪ এপ্রিল) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কৃষকদের মাঝে বিতরণ করা বীজ ও সার প্রসঙ্গে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, এগুলো দিয়ে পুরো উৎপাদন খরচ মিটবে না, তবে আপনাদের উৎসাহিত করবে। স্থানীয়ভাবে সবজি উৎপাদনের ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশের বাইরে থেকে বা উত্তরাঞ্চল থেকে সবজি আনার ওপর নির্ভরতা কমাতে নিজেদের উৎপাদন বাড়াতে হবে।
কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে এ সংসদ সদস্য বলেন, ওষুধি ও ফলজগাছসহ অন্তত পাঁচটি করে গাছ লাগান। কৃষির কোনো বিকল্প নেই
আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, যুদ্ধের প্রভাবে প্রবাসীদের আয় কমে যেতে পারে, তাই কৃষির মাধ্যমে নিজেদের আয় বাড়াতে হবে এবং প্রবাসীদের পরিবারের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ উজ্জ্বল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান।
এ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে ১৬ হাজার কৃষকের মাঝে ৫ কেজি উফশী আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।





















