চাটখিলে চিকিৎসার নামে চলছে প্রতারণা, সিলগালা ও জরিমানা

- সর্বশেষ পরিমার্জন: ১১:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ৫০ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা সেবায় শৃঙ্খলা ফেরাতে চাটখিলে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় গত রোববার দুপুরে চাটখিল ইসলামিয়া হাসপাতাল ও চাটখিল ফিজিওথেরাপি সেন্টার এ দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় এ দুই প্রতিষ্ঠানের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রোববার দুপুরে চাটখিল ইসলামিয়া হাসপাতালে অভিযান চালানোর সময় হাসপাতালটির অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ক্যাথেটার, স্যালাইন এবং হাসপাতালটির ল্যাবে মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় হাসপাতালটির কার্যক্রম স্থগিত করা হয় এবং অপারেশন থিয়েটার সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ভ্রাম্যমান আদালত চাটখিল ফিজিওথেরাপি সেন্টারে অভিযান চালালে ঐ প্রতিষ্ঠানে এম এ কে আজাদ নামে এক ভুয়া ডাক্তারের উপস্থিতি ধরা পড়ে এবং অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানটিতে রোগী ভর্তি করে চিকিৎসা কার্যক্রম চালানোর কারণে ওয়ার্ড গুলোতে তালা মেরে সিলগালা এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়।
গত রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবির নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ডাঃ শহিদুল আহমেদ নয়ন, হেলথ ইন্সপেক্টর নুরুল আমিন, এস আই শাহ আলম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ডাঃ শহিদুল আহমেদ নয়ন বলেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।





















