চাটখিলে মাদক, সন্ত্রাস, জুয়া, চুরি-ডাকাতি প্রতিরোধে বিএনপি’র মতবিনিময়

- সর্বশেষ পরিমার্জন: ১১:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ৬৫ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদক, সন্ত্রাস, জুয়া, চুরি-ডাকাতি প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পরকোট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া। বক্তব্য রাখেন সাংবাদিক এ. এস. এম আবদুল আউয়াল সালেহ, উপজেলা বিএনপি’র সদস্য মোবারক হোসেন পাপ্পু, সাবেক ইউপি চেয়ারম্যান তাওহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা সেলিম তপদার, ফয়েজ শেখ, ফারুক পাটোয়ারী, যুবদল নেতা মাহমুদুর রহমান রিপন, ছাত্রদল নেতা মিলন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সোহেল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা ভূইয়া বলেন মাদক, সন্ত্রাস, জুয়া, চুরি, ডাকাতির সাথে যে বা যারা জড়িত থাকুক না কেন তাদের সাথে কোন আপোষ নেই। তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় আনা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং আমাদের নেতা সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে চাটখিল থেকে মাদক সন্ত্রাস নির্মূল করে আমরা সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করব। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাদক প্রতিরোধ করি, মাদক মুক্ত সুস্থ ও আলোকিত সমাজ গড়ি। মাদক সেবক বিক্রেতা, সন্ত্রাসী, জুয়া, চুরি-ডাকাতির সাথে সম্পৃক্ত যেই হউক তার কোন দল নাই, এরা কোন দলের হতে পারে না। এদের কে সম্মিলিত ভাবে প্রতিহত করতে হবে এদের সাথে কোন আপোষ করা যাবে না।
উপজেলা বিএনপির সদস্য মোবারক হোসেন পাপ্পু বলেন, আগে নিজ দলের ভেতর থেকে শুদ্ধি অভিযান শুরু করতে হবে এবং সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কোন মাদক বিক্রেতা কোন সন্ত্রাসের পক্ষে কোনরকম তদবির করা যাবে না, তবেই আজকের এই আয়োজন সফল হবে।
সভাপতির বক্তব্যে ইউনুছ বলেন মাদকসেবী সন্ত্রাসী যেই হউক না কেন তাদের কে গণপিটুনির হাত থেকে রক্ষা করা হবে না, প্রথমে থানায় না পাঠিয়ে হাসপাতালে পাঠানো হবে। অপরাধীরা সতর্ক হয়ে যান।





















