শিশাটোলা জামে মসজিদের জমি নিয়ে উত্তেজনা

- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ২৪ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ২ নং বাংগাবাড়ী ইউনিয়নের শিশাটোলা জামে মসজিদের দানকৃত জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনাকে ঘিরে মুসল্লিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে মসজিদের প্রায় পনে ১৭ কাঠা দানকৃত জমি তৎকালীন মসজিদ কমিটির সভাপতি ও মোতাওয়াল্লি আব্দুল লতিফের মাধ্যমে একই গ্রামের বাবুল (কাঠ) নামের এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়। এরপর দীর্ঘ ১৪ বছর ধরে বাবুল (কাঠ) ওই জমি ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি হঠাৎ করে ওই জমির প্রায় ৯ থেকে ১০ কাঠা জায়গা দখল হয়ে গেছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে বাবুল (কাঠ) বিভিন্ন সময় বাজার ও রাস্তাঘাটে তৎকালীন মোতাওয়াল্লি আব্দুল লতিফকে দায়ী করে অপমান ও হেনস্থা করতে থাকেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে আব্দুল লতিফ বিষয়টি মসজিদ কমিটি ও মুসল্লিদের অবগত করেন। পরে কয়েকজন গণ্যমান্য ব্যক্তি শুক্রবার জুমার নামাজের পর বিষয়টি নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেন।
শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এলাকার মুসল্লিদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাবুল (কাঠ) দাবি করেন, “আমি কোনো ভুল করিনি।” এ সময় আব্দুল লতিফকে প্রকাশ্যে অপমান ও অপদস্থ করার ঘটনায় কয়েকজন মুসল্লি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তবে পরে উপস্থিত ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বৈঠকে মসজিদ কমিটির সভাপতি আমিনুল মাস্টার বলেন, “বিষয়টি নিয়ে পরে বিস্তারিতভাবে বসা হবে। সবাই শান্ত থাকুন এবং নিজ নিজ বাড়িতে চলে যান।” ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।তবে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।




















