নবীনগরের গ্রাম্য আধিপত্যের বিরোধে সংঘর্ষ: ইকবাল মিয়ার মৃত্যু,

- সর্বশেষ পরিমার্জন: ০১:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ইকবাল মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১১ জুন) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আতিকুর রহমান শিশু মিয়াকে প্রধান আসামি করে (১০) জনের বিরুদ্ধে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিয়ারা গ্রামে দীর্ঘদিন ধরে এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন আহমেদ ও প্রবাসী ব্যবসায়ী আতিকুর রহমান শিশু মিয়ার সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে গত ২ ও ৩ জুন টিয়ারা বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে টানা দুই দিন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে হোসেন আহমেদ পক্ষের সমর্থক ইকবাল মিয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান। নিহত ইকবাল মিয়া হোসেন আহমেদের চাচাতো ভাই বলে জানা গেছে।
এদিকে ইকবাল মিয়ার মৃত্যুর পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেকোনো সময় পুনরায় সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ভাই ফোরকান মিয়া বাদী হয়ে আতিকুর রহমান শিশু মিয়াকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ এবং আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
ছবি:
১. নিহত ইকবাল মিয়া।
২. মামলার প্রধান আসামি আতিকুর রহমান শিশু মিয়া।



















