নাগরিকভাবনা ডেস্ক: আগস্ট মাসকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর বিভিন্ন তৎপরতার তথ্য পাওয়া যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, আশুলিয়ায় প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে পৃথকভাবে তদন্ত চলছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা বা ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত পাঁচ থেকে ছয় মাসের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, তুলনামূলকভাবে অপরাধ ও নাশকতার ঘটনা কমেছে। পরিস্থিতি উদ্বেগজনক নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো নাশকতার পরিকল্পনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

নাগরিকভাবনা ডেস্ক 

















