সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আদালতের নির্দেশ অমান্য করে কোনো গণমাধ্যম বা অন্য মাধ্যমে প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদালতের আদেশ কার্যকর থাকা পর্যন্ত তা মেনে চলা সরকার ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব। শেখ হাসিনা বিদেশ থেকে ৫ আগস্ট কোনো বক্তব্য দিলে সেটি প্রচার করা আদালতের নির্দেশ লঙ্ঘনের শামিল হবে এবং এমন ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে আবারও সতর্ক করা হবে। তবে কেউ আদালতের আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করলে প্রচলিত আইন অনুযায়ী আদালতের শরণাপন্ন হয়ে আদেশকে চ্যালেঞ্জ করতে পারবেন। সরকার আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 





















