রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ী সদরে বাড়ি ফেরার পথে মো. নুরুজ্জামান খান (৩৮) নামের এক মুদি ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত ওই ব্যবসায়ীর মাথায় ৭টি সেলাই লেগেছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে চালানো এ হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।
গত ৩ আগস্ট রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নুরুজ্জামান খান কল্যাণপুর গ্রামের আবদুল মতিন খানের ছেলে। তিনি সদর থানার ধান্যের চাতাল এলাকায় মুদি ব্যবসা পরিচালনা করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে দোকান বন্ধ করে নুরুজ্জামান টাকা ভর্তি একটি ব্যাগ নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ১০টা ৪০ মিনিটের দিকে কল্যাণপুর গ্রামে তার বড় ভাই নজরুল ইসলাম খানের বসতবাড়ির সামনের রাস্তায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুই অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।
দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে নুরুজ্জামানের মাথায় কোপ মারে। এতে তার মাথার বাম পাশে মারাত্মক রক্তাক্ত জখম হয়। কোপের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে এবং তার সাথে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় নুরুজ্জামানের চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা প্রাণনাশের ভয়ভীতি ও হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসা শেষে ও পরিবারের সাথে আলোচনা করে নুরুজ্জামান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রাজু আহমেদ, রাজবাড়ী 



















