রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে চলাচলের সরকারি রাস্তার জায়গা আটকে রাখার কারণে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পথচলা প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। সরকারি হালটের জমি দখল করে স্থানীয় প্রভাবশালীরা পাকা ঘর নির্মাণ এবং পার্শ্ববর্তী জমির মালিকেরা বেড়া দেওয়ায় এই জটলা ও নাগরিক ভোগান্তির সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই পথ দিয়েই তারা যাতায়াত করে আসছিলেন। কিন্তু সম্প্রতি রাস্তার ওপর স্থায়ী পাকা অবকাঠামো ও চারিদিকে বেড়া তৈরি করায় তাদের স্বাভাবিক যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে। এতে করে জরুরি প্রয়োজনে যাতায়াত, স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত ও রোগী পরিবহনে চরম বিপাকে পড়তে হচ্ছে শত শত মানুষকে।
বিষয়টি নিশ্চিত করে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন মিয়া জানান, “দীর্ঘদিন যাবত এই এলাকায় রাস্তার জমির সীমানা নিয়ে জটিলতার কারণে স্থায়ী কোনো রাস্তা তৈরি করা সম্ভব হচ্ছে না। সরকারি হালটের ওপর পাকা ঘর তুলে রাখা হয়েছে এবং পাশের জমির মালিকেরা বেড়া দিয়ে রেখেছে। সীমানা ও জমিজমা সংক্রান্ত এসব সমস্যার সমাধান করা সম্ভব হলে এখানে একটি সুন্দর ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ করা সম্ভব হবে।”
ভুক্তভোগী বাসিন্দারা দ্রুত এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। অবৈধ দখল উচ্ছেদ করে দ্রুত সীমানা নির্ধারণপূর্বক একটি পূর্ণাঙ্গ রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের সাধারণ মানুষ।

রাজু আহমেদ, রাজবাড়ী 



















