শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া সীমান্তে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র বিশেষ অভিযানে ২ লাখ ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার(১৫ আগষ্ট) ভোর রাতে পরিচালিত এই অভিযানে সীমান্ত পার হয়ে আসা পাচারকারীরা বিজিবির ধাওয়া খেয়ে ইয়াবার চালান ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়।বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪৮/৪ এস এলাকা দিয়ে অভিযান পরিচালনা করেন। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোন্দুলেরমুখ নামক স্থানে চোরাকারবারীদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল।
পাচারকারীদের থামার নির্দেশ দিলে তারা সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত গহীন জঙ্গলের ভেতরে গা ঢাকা দেয়। পরবর্তীতে টহলদল উক্ত স্থান থেকে পরিত্যক্ত বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২ লাখ ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং যেকোনো মূল্যে সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধে কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা বজায় থাকবে।

শ.ম.গফুর,কক্সবাজার 



















