ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ইট–বালির সংস্কারে কুমিল্লা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ৩১ বার পঠিত

ইট–বালি ফেলে অস্থায়ী সংস্কারের নামে কুমিল্লা–সিলেট মহাসড়ক এখন পরিণত হয়েছে মরণফাঁদে। খানাখন্দে ভরা এই গুরুত্বপূর্ণ মহাসড়কে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, চালক ও স্থানীয় ব্যবসায়ীরা।
এমনই চিত্র প্রতিনিয়ত কুমিল্লার মুরাদনগর উপজেলার কুমিল্লা–সিলেট মহাসড়ক আংশে। এছাড়াও দেবিদ্বার, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে, কালামুড়া ব্রিজ থেকে শুরু করে কোম্পানীগঞ্জ বাজার, দেবিদ্বার পৌরসভা, কংশনগর বাজার হয়ে ক্যান্টনমেন্ট পর্যন্ত সড়কের অবস্থা বেহাল। কোথাও কোথাও গর্তে ইট–বালি ফেলে অস্থায়ী সংস্কারের চেষ্টা করা হলেও কয়েক দিনের মধ্যেই তা উঠে গিয়ে তৈরি হচ্ছে আরও গভীর গর্ত।
বৃষ্টির পানিতে এসব জায়গা কর্দমাক্ত হয়ে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে যায়। শুকনো মৌসুমে ধুলায় দম বন্ধ হওয়ার উপক্রম হয়, আর বর্ষায় কাদা ও পানি জমে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।স্থানীয়দের ভাষায়, এখন এই সড়ক দিয়ে যাতায়াত মানে জীবন বাজি রেখে চলা।
কোম্পানীগঞ্জ শ্রমিক শাখা’র সভাপতি হাজী ইদ্রিস বলেন, এই সড়কের অবস্থা এখন মৃত্যুফাঁদের মতো। গর্তে পড়ে প্রতিদিন ট্রাক, কাভার্ড ভ্যান, এমনকি যাত্রীবাহী বাসও বিকল হচ্ছে। শ্রমিকরা ভোর থেকে রাত পর্যন্ত রাস্তায় কষ্ট পাচ্ছে, কেউ ঠিকমতো কাজ করতে পারছে না। দুর্ঘটনার ভয় নিয়ে এখন গাড়ি চালানো মানেই জীবনের সঙ্গে যুদ্ধ। সরকার যদি দ্রুত টেকসই সংস্কার না করে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হলে, থেমে যাবে হাজারো মানুষের জীবিকা।
কোম্পানীগঞ্জ এলাকার পরিবহন চালক সেলিম মিয়া বলেন, এক ঘণ্টার পথ যেতে এখন তিন ঘণ্টা লাগে। রাস্তায় এমন গর্ত যে মাঝেমধ্যে গাড়ি আটকে যায়। যাত্রীদের কষ্টের শেষ নেই।
কোম্পানীগঞ্জ বাজার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবুল কাশেম খাঁন ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তার এই বেহাল অবস্থায় পুরো বাজারই যেন ধুলায় ঢেকে গেছে। ওষুধের দোকানের ভেতরে ধুলা জমে ওষুধ নষ্ট হচ্ছে। প্রতিদিন ধুলো, দুর্গন্ধ আর যানজটে মানুষ হাঁপিয়ে উঠেছে, এভাবে আর চলতে পারে না। এখনই যদি স্থায়ী সংস্কার না হয়, শুধু ব্যবসা নয়, জনস্বাস্থ্যের জন্যও এটি ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।
তৎকালীন সরকার ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কুমিল্লার ময়নামতী থেকে ব্রাহ্মণবাড়িয়ার ধরখার পর্যন্ত প্রায় ৫৪ কিলোমিটার সড়ককে চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন দেয়। প্রস্তাবিত ব্যয় ধরা হয় প্রায় ৭ হাজার ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা।
বর্তমানে সড়কটির প্রস্থ মাত্র ১৮ ফুট, উন্নয়ন শেষে তা হবে প্রায় ৬০ ফুট। উভয় পাশে থাকবে সার্ভিস লেন, থাকবে ১৪টি ব্রিজ, একটি ফ্লাইওভার, দুটি আন্ডারপাস, ৫০টি কালভার্ট এবং ১২টি ফুটওভারব্রিজ।
কিন্তু প্রকল্প বাস্তবায়ন এখন কার্যক্রম থমকে আছে। সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা গেছে, ভূমি অধিগ্রহণের কাজ আংশিক সম্পন্ন হলেও বৈদেশিক অর্থায়ন ও প্রশাসনিক জটিলতা প্রকল্পের অগ্রগতি ব্যাহত করছে।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের দুই পাশে ভূমি অধিগ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্থানে রাতারাতি দোকান ও স্থাপনা গড়ে তোলা হচ্ছে—বেশি ক্ষতিপূরণের আশায়। এতে ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন কার্যক্রমে নতুন জটিলতা তৈরি হচ্ছে।
কুমিল্লা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো চলাচলযোগ্য রাখতে ইট–বালি দিয়ে অস্থায়ী সংস্কার করা হচ্ছে। তবে চার লেন প্রকল্পের যে ফান্ডিং অনুমোদন ছিল, তা পাওয়ার সম্ভাবনা এখন নেই।
তিনি আরও জানান, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সওজের ঢাকা কার্যালয়ের একটি কারিগরি দল মহাসড়কটি সরেজমিনে পরিদর্শন করেছে। আমরা নতুন করে প্রস্তাব নিয়ে মন্ত্রণালয়ে যাচ্ছি। অনুমোদন পেলে সে অনুযায়ী কাজ শুরু করা হবে।
স্থানীয়দের মতে, কুমিল্লা–সিলেট মহাসড়ক শুধু আঞ্চলিক নয়, এটি দেশের বাণিজ্যিক চলাচলের অন্যতম প্রধান রুট। প্রতিদিন হাজারো যাত্রী ও মালবাহী যান এই পথে চলাচল করে। টেকসই সংস্কার ও চার লেন উন্নয়ন দ্রুত বাস্তবায়ন না হলে দুর্ঘটনা, ভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে।
আরও পড়ুন:


















