
রা্জ্জাক বিশ্বাস: কুষ্টিয়া:
কুষ্টিয়ার ইবি থানার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবারের পর ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।
পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১ টায় কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে সদর পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর একে একে পুলিশ সদস্যরা অসুস্থ হয়ে পড়েন।
ক্যাম্পের ইনচার্জ (আইসি) মনিরুজ্জামান ও এএসআই শরিফুল ইসলামসহ ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় অচেতন হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন, অসুস্থ পুলিশ সদস্যদের কে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের প্রয়োজনে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে কুষ্টিয়া পুলিশ সুপার আমিনুল ইসলাম পরিদর্শন করেছেন। তিনি বলেন,
রাতের খাবার খাওয়ার পরই একসঙ্গে এতজন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়ায় খাবারে বিষক্রিয়ার বিষয়টি সামনে এসেছে। তবে ঠিক কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে, হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় পুলিশ ক্যাম্পে খাওয়া খাবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং অসুস্থতার প্রকৃত কারণ কী, তা জানতে তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
কুষ্টিয়া ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম, মামুনুর রশীদ বলেন, আমি খবর পেয়ে পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।
কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ বলেন, পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে ১০জন অসুস্থ হয়ে পড়ে। তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। অসুস্থ হওয়া এবং খাবার পরীক্ষা নিরীক্ষা করে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 


















