জামরুল গাছে ঝুলছিল গৃহবধূর মরদেহ

- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ৪৭ বার পঠিত

পিরোজপুর অফিস :: ভান্ডারিয়ায় জামরুল গাছ থেকে জুমেনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রাম থেকে তার মরদেগ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ উত্তর পৈকখালী গ্রামের কুয়েত প্রবাসী কাওসার আকনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, জুমেনা বেগম দীর্ঘ ১২ বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন। দীর্ঘদিনের অসুস্থতা ও চিকিৎসার খরচ নিয়ে পরিবারে চাপ চলছিল। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। এ অবস্থায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শনিবার বিকেল ৩ টার দিকে ঘরের পাশের জামরুল গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।























