টঙ্গীতে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ জালনোট,সরঞ্জামসহ গ্রেপ্তার-৩

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ৯০ বার পঠিত

হানিফ ঢালী / বিথীকা হালদার: গাজীপুরের টঙ্গীতে জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকার নোট ও সরঞ্জামসহ ৩ জনকে গ্রেফকার করেছে র্যাব-১ এর সদস্যরা।
জানা যায়, টঙ্গীর দত্তপাড়া এলাকার খোকন ভিলার পঞ্চম তলায় অভিযান চালিয়ে র্যাব তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন-টঙ্গীর দত্তপাড়াস্থ আলম মার্কেটের আব্দুল আজিজের ছেলে আরিফ রায়হান (৩১), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শক্তিপুর বাজার গ্রামের আব্দুস সালামের ছেলে রুবেল মিয়া (৩৩) এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার হাতিল গ্রামের সুরুজ আলীর ছেলে জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)। মঙ্গলবার র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টঙ্গীর দত্তপাড়া এলাকার খোকন ভিলার পঞ্চম তলায় কতিপয় ব্যক্তি একটি জাল টাকা তৈরির কারখানা স্থাপন করে বিপুল পরিমাণ জাল টাকা তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ৫ লাখ ৪০ হাজার টাকার জাল নোট, কাগজে প্রিন্ট অবস্থায় ৯ লাখ ১০ হাজার টাকার জাল নোট, জাল টাকা তৈরির সরঞ্জাম হিসেবে ৪ টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ, ১ টি পেপার কাটার মেশিন, ১টি লেমিনেটিং মেশিন, ২টি পেপার বাইন্ডার মেশিন, ১টি স্ক্যানার, বিভিন্ন রঙের ১৫টি প্রিন্টার কালি, ১টি হেয়ার ড্রায়ার, ১টি টেবিল ফ্যান, ২৫টি স্ক্রিন ফ্রেম, ২টি স্ক্রিন লক ফ্রেম, ৩টি মোবাইল ফোন, ৪টি প্লাস্টিক স্কেল, ৫টি এন্টি কাটার, ৬ রোল ফুয়েল পেপার, দেড় লিটার স্পিরিট, ১টি স্প্রে রং, ২টি কেমিক্যালের বোতল, ৫টি কাঁচি, ৩টি মাল্টিপ্লাগ, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ১৫টি ফেবিকল গামের কৌটা, জাল টাকা তৈরির বিভিন্ন সাইজের কাগজ ১০ রিম, ১টি স্মার্ট ঘড়ি এবং নগদ ১ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হলে, টঙ্গী পূর্ব থানা পুলিশ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
র্যাব আরও জানায়, গ্রফতারকৃতরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জাল টাকা তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।























