
মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি): জমি রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি, হস্তান্তরকৃত জমির মূল্য নির্ধারণে জটিলতা এবং মৌজাভিত্তিক সরকারি নির্ধারিত জমির মূল্য অস্বাভাবিক বেশি হওয়ায় ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় নলছিটি-বরিশাল সড়কের খোজাখালি এলাকায় আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ভুক্তভোগী জমির মালিক, ক্রেতা ও বিক্রেতারা অংশ নেন।
কর্মসূচিতে মো. ফেরদৌস খান বলেন, জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিভিন্ন সরকারি ফি এবং মৌজাভিত্তিক নির্ধারিত মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে জমি বিক্রির প্রাপ্ত অর্থের তুলনায় দলিল রেজিস্ট্রির খরচ বেশি হওয়ায় নলছিটির বিভিন্ন এলাকায় জমি কেনাবেচা প্রায় বন্ধ হয়ে গেছে বলেও তিনি দাবি করেন।
মানববন্ধনে ইঞ্জিনিয়ার বাবুল বলেন, বাস্তব বাজারমূল্যের তুলনায় সরকারি নির্ধারিত জমির মূল্য বেশি হওয়ায় রেজিস্ট্রেশন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে প্রকৃত মূল্য ও রেজিস্ট্রি মূল্যের মধ্যে অসামঞ্জস্য তৈরি হচ্ছে। এর ফলে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রির সংখ্যা কমে গিয়ে সরকারও রাজস্ব হারাচ্ছে বলে দাবি করেন তিনি।
মো. আবজাল মৃধা বলেন, পৌর এলাকায় জমি কেনাবেচায় প্রতি শতাংশে ১০ হাজার টাকা উৎসকর সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে। পাশাপাশি পৌর এলাকায় জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতাও পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
বক্তারা রেজিস্ট্রেশন ব্যয় কমানো, মৌজাভিত্তিক সরকারি নির্ধারিত জমির মূল্য বাস্তবসম্মত পর্যায়ে পুনর্নির্ধারণ এবং জমি ক্রয়-বিক্রয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করা হয়।

মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি) 



















