নানা আয়োজনে শহীদদের স্মরনে কুষ্টিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ৭৮ বার পঠিত

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ বুধবার প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির সূচনা করা হয়। এরপর কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন এবং নীরবতা পালন ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক ওয়াদুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকারসহ সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সকাল ৮টায় কুষ্টিয়ার “শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম” মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, কারারক্ষী, স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, রোভার স্কাউট, গার্লস-ইন-স্কাউটিং, গার্লস গাইড, সাংস্কৃতিক সংগঠন ও শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। স্বাধীনতা দিবসের এই আয়োজনে জাতির প্রতি আত্মত্যাগকারী মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয় এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।


















