বিত্তিপাড়ায় চোরাই মাল উদ্ধারে গিয়ে হামলার শিকার যুবক

- সর্বশেষ পরিমার্জন: ০২:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ৫২ বার পঠিত

কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজারপাড়া এলাকায় চোরাই মাল ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের হামলায় রেজাউল ইসলাম (৪৩) নামে এক ডিস ব্যবসায়ী কর্মী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রেজাউল ইসলাম বিত্তিপাড়া গ্রামের মৃত মনছের মন্ডলের ছেলে। তিনি জানান, স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ কামাল হোসেন (পিতা: মৃত আতর আলী শেখ) দীর্ঘদিন ধরে মাদক ও চোরাই পণ্যের ব্যবসা পরিচালনা করছেন। রেজাউল জানান, শনিবার রাতে তার বাড়ি থেকে কোদাল, হাসুয়া, কুড়াল, গাবলা ও লোহার কিছু সরঞ্জাম চুরি হয়ে যায়। পরে তিনি অনুসন্ধান করে জানতে পারেন, চুরি হওয়া মালামাল কামাল হোসেনের বাড়িতে রাখা হয়েছে। রোববার দুপুরে তিনি সেখানে গেলে কামাল হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান।
রেজাউল ইসলামের অভিযোগ, কামাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি চোরাই মাল কেনাবেচার সঙ্গে জড়িত। স্থানীয়ভাবে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় তিনি এসব অবৈধ কাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি পুলিশের কিছু অসাধু সদস্যের সহযোগিতায় তার ব্যবসা আরও রমরমা হয়ে উঠেছে বলেও অভিযোগ করেছেন রেজাউল। এলাকাবাসী দ্রুত এই মাদক ও চোরাই ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
<
blockquote>


















