আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের কচুয়াদহ রঙ্গিলা ঘাটে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ডিঙি নৌকা বাইচ প্রতিযোগিতা।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজারো নারী, পুরুষ ও শিশুর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নৌকার ছন্দময় গতি ও মাঝিদের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পুরো এলাকা এক উৎসবের মিলনমেলায় পরিণত হয়।
চোপিনগর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাইদের সঞ্চালনায় এবং আব্দুল বাছেদ মণ্ডলের সভাপতিত্বে নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, মোজাফফর চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক বকুল মিয়া, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা।
এছাড়াও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, সহ-দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আরমান হোসেন, সদস্য হিরুজ্জামান দুলাল, ফারুক হোসেন, আব্দুল হাকিম বুদ্ধি, বকুল, নুরুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা পরিচালনায় ও সহযোগিতায় ছিলেন আয়োজক কমিটির সদস্য ইমন, ফারুক, রহমান, রবিউল, মহিদুল, সিয়াম, বাবু, সুমন ও রাজিব।
বিকালে বাইচ শুরু হলে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে নদীর চারপাশ। প্রতিযোগিতায় একাধিক নৌকার হাড্ডাহাড্ডি লড়াই শেষে আব্দুল হান্নানের নৌকা প্রথম স্থান অর্জন করে। এতে দ্বিতীয় স্থান অর্জন করে আমিনুল ইসলামের নৌকা এবং তৃতীয় স্থান লাভ করে সিরাজুল হাসান শিহাবের নৌকা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার মাঝিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রথম পুরস্কার হিসেবে একটি খাসি, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ভেড়া এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি রাজহাঁস প্রদান করা হয়। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এসব পুরোনো ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে প্রতিবছর নিয়মিত এমন আয়োজনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা।

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) 



















