মামলা মিথ্যা দাবি করে নাম প্রত্যাহার চেয়ে বিএনপির বিক্ষোভ

- সর্বশেষ পরিমার্জন: ০৩:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ৬৫ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ার বেতমোর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তারেকের নামে দায়ের করা হত্যাচেষ্টা মামলা মিথ্যা দাবি করে প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছেন দলের নেতাকর্মীরা।
গতকাল রোববার সকালে স্থানীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ফরাজী। বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের আহ্বায়ক মাহাবুবুর রহমান নান্না, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোয়েব সামস শওকত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আহমেদ খোকন মল্লিক, বেতমোর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পান্না মিয়া প্রমুখ।
কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ফরাজী বলেন, ঘটনার সময় নাছির উদ্দিন ও তারেক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাদের হয়রানি করার উদ্দেশ্যে মামলায় আসামি করা হয়েছে।
মামলা থেকে জানা গেছে, আইনজীবী আবুল কালাম আজাদ খালিদ ও তাঁর চাচার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। ঈদের দিন আইনজীবী আবুল কালাম আজাদ খালিদ নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁর চাচাতো ভাই আব্দুর রাজ্জাক রঞ্জুর নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্বজনরা খালিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ৩ এপ্রিল রঞ্জুকে প্রধান আসামি করে ১১ জনের নামে মঠবাড়িয়া থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়। আরও পাঁচজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। ওই মামলায় বেতমোর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তারেককে আসামি করা হয়েছে।






















