প্রাণনাশের হুমকির অভিযোগ
চাটখিলে অবঃ সেনা সদস্যের স্ত্রীকে মারধর করে আহত

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ৪৮ বার পঠিত

চাটখিল, (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের নিজ ভাওর হরমুজ আলী মেম্বার বাড়ির অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাজুল ইসলামের স্ত্রী সালমা আক্তার (৩৫) কে মারধর করে আহত করেছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে একই বাড়ির ৪ জন তাকে মারধর করে আহত করে। তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এই ব্যাপারে সালমা আক্তার বাদী হয়ে গত রোববার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, তাজুল ইসলাম খরিদ সূত্রে মালিক হয়ে তার জায়গায় ভোগদখলে আছেন। তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পর ঐ জায়গায় একটি পাকা ঘর করার জন্য ইট বালু আনতে থাকলে গত শনিবার সকালে একই বাড়ির মোঃ আব্দুল মান্নান (৪৫), মোঃ বাবুল মিয়া (৫০), সোহাগী আক্তার (৩৫) ও সামছুন্নাহার সবু (৪৫) তারা ইট বালু আনতে বাঁধা সৃষ্টি করে। এই নিয়ে সালমা আক্তারের সাথে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে তারা তাকে মারধর করে আহত করে এবং তাকে ও তার পরিবারের লোকজন কে প্রাণনাশের হুমকি দেয় বলে সালমা আক্তার অভিযোগ করেন।
তাজুল ইসলামের বাবা ফজলুর রহমান সাংবাদিকদের জানান, আমরা দীর্ঘদিন থেকে এই জরাজীর্ণ ঘরে অনেক কষ্টে বসবাস করে আসছি। আমার ছেলে চাকরি থেকে অবসর নেওয়ার পর ঐ ঘরটি পাকা করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ঐ চারজন তাদের কে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।
এই ব্যাপারে সালমা আক্তারের অভিযোগ তদন্তকারী কর্মকর্তা চাটখিল থানার এস আই নুর নবীর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















