যৌথবাহিনীর সফল অভিযান, অস্ত্রসহ ধরা পড়ল ১১ মামলার আসামি

- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭১ বার পঠিত

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যৌথবাহিনীর তৎপর অভিযানে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন একাধিক গুরুতর মামলার পলাতক আসামি মো. শফিকুল ইসলাম প্রকাশ সাইদুল্লাহ (৪০)। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা চেষ্টা ও অবৈধ অস্ত্র রাখাসহ মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে থানা সূত্র।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতের নীরবতায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার একটি বসতঘরে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানের সময় নিজ বাড়ি থেকেই শফিকুল ইসলামকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আলী হোসেনের পুত্র।
থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই শফিকুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। একাধিক গুরুতর মামলার পলাতক আসামি হিসেবে তিনি এলাকায় আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন। অভিযানের সময় তার বসতঘর তল্লাশি চালিয়ে চারটি দেশীয় ধারালো অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।





















