মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ জাল জব্দের পর ধ্বংস

- সর্বশেষ পরিমার্জন: ১১:৪৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ২০ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিষিদ্ধ জাল জব্দের পর ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ জুন) উপজেলার বালুর মাঠ এলাকায় পরিচালিত এক অভিযানে নিষিদ্ধ জাল বিক্রির সময় বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক। অভিযানে নিষিদ্ধ জাল বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের বাসিন্দা রানা (৩০), মুছা (৪০) এবং দক্ষিণ মিঠাখালী গ্রামের বাসিন্দা আইয়ুব মুন্সি (৩৫)।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মঠবাড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা নিষিদ্ধ ও অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে তিন ব্যবসায়ীকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নদী ও জলাশয়ের মাছের প্রজনন ও সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




















